রাগবি প্রিমিয়ার লিগে কলকাতার নতুন দল

নিজস্ব প্রতিবেদন, কলকাতা, ১০ জুন: ক্রিকেট এবং ফুটবলের জনপ্রিয়তার ধারে কাছে না থাকলেও এই দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে এবং তরুণদের মধ্যে রাগবি খেলার আকর্ষণ বাড়ানোর লক্ষ্যে শুরু হয়েছে রাগবি প্রিমিয়ার লিগ।

এই লিগে ভারতের রাগবি মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে কলকাতা বঙ্গ টাইগার্স। রাগবি প্রিমিয়ার লিগে কলকাতার প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে এবারের মরশুমে আত্মপ্রকাশ করতে চলেছে দলটি। ১১টি দেশের ২৬ জন খেলোয়াড়কে নিয়ে গঠিত এই শক্তিশালী স্কোয়াডে রয়েছেন অলিম্পিয়ান, বিশ্বচ্যাম্পিয়ন, জাতীয় চ্যাম্পিয়ন এবং আন্তর্জাতিক স্তরের বহু অভিজ্ঞ রাগবি তারকা।

পূর্ব ভারতে রাগবির প্রসারে এই উদ্যোগকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রতিভাবান খেলোয়াড়দের সমন্বয়ে গড়ে ওঠা দলটি শুধু প্রতিযোগিতায় নিজেদের শক্তিশালী উপস্থিতি জানান দিতেই নয়, বাংলায় রাগবির জনপ্রিয়তা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

পুরুষ দলের পাশাপাশি কলকাতা বঙ্গ টাইগার্সের মহিলা দলের আত্মপ্রকাশ ঘটেছে এই দ্বিতীয় সংস্করণে। এর ফলে ভারতজুড়ে মাত্র চারটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে কলকাতা অন্যতম, যারা পুরুষ ও মহিলা—দুই বিভাগেই দল নামাচ্ছে। পুরুষ দলের প্রধান কোচের ভূমিকায় রয়েছেন ২০১৬ রিও অলিম্পিকে ফিজির সোনা জয়ী রাগবি দলের অধিনায়ক ওসিয়া কলিনিয়াসু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here