সিএসজেসিতে মেয়েদের ফুটবল স্কুলের নতুন সঙ্গী সগড়ভাঙ্গা ক্রিকেট অ্যাকাডেমি

নিজস্ব প্রতিবেদন, কলকাতা, ৮ জুন: দুই পেরিয়ে তিন পা। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে মেয়েদের ফুটবল কোচিং স্কুলের সঙ্গে এ বার পথচলা শুরু করল সগড়ভাঙ্গা ক্রিকেট অ্যাকাডেমি। সোমবার ক্লাবে মৌ চুক্তি স্বাক্ষরিত হলো। ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, মেহতাব হোসেন, দীপঙ্কর রায় অসীম বিশ্বাস, এই ফুটবল স্কুলের কোচ ‘অর্জুন’ ফুটবলার শান্তি মল্লিক ও সগড়ভাঙ্গা ক্রিকেট অ্যাকাডেমির কর্ণধার শান্তিময় কুন্ডু। যিনি সব সময়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

সিএসজেসির এই ফুটবল স্কুলের অনুর্ধ্ব-১৩ মেয়েরা রিল্যায়েন্স ফাউন্ডেশন জুনিয়র লিগে রানার্সও হয়েছে। সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে এই স্কুল। দীপেন্দু বলেন, ‘আমি প্রথমদিন থেকে এদের সঙ্গে যুক্ত। এখন অনেক উন্নতি করেছে এই ছোট-ছোট মেয়েরা।’ মেহতাব হোসেন উৎসাহ দিয়ে বলেন, ‘এখান থেকে একদিন তোমাদের বাংলা এবং দেশের হয়ে খেলতে হবে।’ দীপঙ্কর বলে গেলেন, ‘এই ধরণের ফুটবল স্কুল চালানো কতটা কঠিন, আমরা জানি। সব সময়ে পাশে আছি।’ আর অসীম বিশ্বাসের কথায়, ‘ক্রীড়া সাংবাদিক ক্লাবকে ধন্যবাদ জানাই এমন একটা কাজকে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।’

সিএসজেসির প্রাক্তন প্রেসিডেন্ট সুভেন রাহা বলেছেন, ‘সাংবাদিকদের কাজ শুধু খেলা নিয়ে লেখা নয়। খেলার জন্য কিছু করাও। আমরা সেই চেষ্টাই করেছি।’ বর্তমান প্রেসিডেন্ট অর্চিমান ভাদুড়ি ধন্যবাদ জানিয়েছেন উদ্যোক্তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here