
অভিষেকেই চমক নোভাস পুরুলিয়া রয়্যালসের।
বেঙ্গল টি২০ লিগের তৃতীয় সংস্করণের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সকে হারাল ৪ রানে নোভাস পুরুলিয়া রয়্যালস। এই ম্যাচটি ঘিরে অন্য আগ্রহ ছিল। সিএবিতে সাম্প্রতিকতম কোচ বনাম নির্বাচক কমিটি বিতর্কের দুই কুশীলব দেবাং গান্ধী এবং সৌরাশিস লাহিড়ী ছিলেন দুই ডাগআউটে। হাওড়া ওয়ারিয়ার্সের কোচ সৌরাশিষ এবং পুরুলিয়া রয়্যালসের কোচ দেবাং গান্ধী। ফলে ক্রিকেট বুদ্ধির দ্বৈরথে কে কাকে টেক্কা দেয় সেটাই ছিল দেখার। প্রথম সাক্ষাতে শেষ হাসি দেবাংয়ের পুরুলিয়ার।
ইডেনে টস জিতে ফিল্ডিং নিয়েছিল হাওড়া ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান তোলে পুরুলিয়া রয়্যালস। যুবরাজ দীপক কেসোয়ানি ৩৮ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। অঙ্কুর পাল ৩৩ (২৫) ও প্রদীপ্ত প্রামাণিক ৩০ (১৮) রান করেন। কণিষ্ক শেঠ তিনটি এবং সক্ষম শর্মা, ঋত্বিক চট্টোপাধ্যায় ও শচীন কুমার যাদব একটি করে উইকেট দখল করেন।
জবাবে ১৯.৫ ওভারে ১৫০ রানেই শেষ অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। অঙ্কিত চট্টোপাধ্যায় করেন সর্বাধিক ৪৩ (৩১)। প্রীতম চক্রবর্তী, প্রদীপ্ত প্রামাণিক ও হর্ষ দেব গৌতম দুটি করে উইকেট তুলে নেন।
বেঙ্গল টি টোয়েন্টি লিগের শুরুটা এই বছর সাদামটা। এক বছর আগে জুনের এক বিকেল মাতিয়েছিলেন সুনিধি চৌহান। ইডেনের সেবারের মঞ্চ চাকচিক্য ছিল। গতবছরের জাঁকজমক উদ্বোধনের লেশমাত্র এবার নেই। তবে এবার চমক নয় বেশি প্রাধান্য ক্রিকেটকে। শুক্রবার সন্ধেয় ৩০ মিনিটের সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বেঙ্গল টি-২০ লিগের ঢাকে কাঠি পড়ল। উদ্বোধনী অনুষ্ঠানে মাঠকর্মীদের প্রশংসা, তরুণদের বেঙ্গল টি-২০ লিগের মঞ্চ কাজে লাগানোর বার্তা সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর। সদ্য আইপিএল এর সেরা মাঠের পুরস্কার পেয়েছে ইডেন। পুরস্কার মূল্য ৫০লক্ষ টাকার চেক মাঠকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। তুলে দেন সৌরভ স্বয়ং।
এই পুরস্কারের আসল প্রাপক যে মাঠকর্মীরাই সেটা স্বীকার করে নেন সৌরভ গাঙ্গুলি। পাশাপাশি তাঁদের প্রশংসাও করেন। এবছরের বেঙ্গল টি-২০ লিগ নিয়ে আশাবাদী সিএবির সভাপতি। তরুণ ক্রিকেটারদের এই মঞ্চ কাজে লাগানোর বার্তা দেন। সৌরভ বলেন, ‘সিএবির মস্তিষ্কপ্রসূত এই বেঙ্গল টি-২০ লিগ। বাংলার ক্রিকেটের উন্নতিতে আমরা ২০২৪ সালে এই লিগ শুরু করি। আইপিএল যখন শুরু হয়েছিল, এতটা জনপ্রিয় ছিল না। এটাও ছোট আইপিএল, মিনি আইপিএলের মতো। তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেবে। এটা উঠতি ক্রিকেটারদের প্রতিভা বিকাশের মঞ্চ। আরও একধাপ এগিয়ে যাওয়ার সুযোগ।তরুণ ক্রিকেটারদের এই মঞ্চ কাজে লাগানো উচিত। আমরা এই লিগকে সফল করার আপ্রাণ চেষ্টা করব। মাঠকর্মীদের ধন্যবাদ জানাতে চাই। বছরে এই মাঠে প্রচুর খেলা হয়। ওদের জন্যই এটা সম্ভব।’
সন্ধে সাড়ে ছ’টা নাগাদ শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। ট্রফি নিয়ে মঞ্চে ওঠেন ছেলে এবং মেয়েদের বিভাগে গতবারের দুই বিজয়ী অধিনায়ক। সঙ্গে ছিলেন ঝুলন গোস্বামী। এছাড়াও মঞ্চে ছিলেন সিএবি সচিব বাবলু কোলে, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস সহ সিএবির অন্যান্য পদাধিকারীরি। সৌরভের সঙ্গে করমর্দন করেন ১৬ দলের অধিনায়করা। দলের লোগো নিয়ে মঞ্চে ওঠেন অধিনায়করা। ব্যাকড্রপে লোগো লাগানোর পাশাপাশি করেন সই। তারপর চলে ট্রফির সঙ্গে ফটোসেশন। প্রথমে মেয়েরা, পরে ছেলেরা।বেঙ্গল টি-২০ লিগের উদ্বোধনীতে ইডেনে ক্রিকেট ভক্তদের হাজিরা চোখে পড়ার মতো।



