করণের বিধ্বংসী শতরান, রেকর্ড গড়ে হাওড়াকে চূর্ণ করে শীর্ষে শিলিগুড়ি

ক্রীড়াপ্রতিনিধি, কলকাতা, ১১ জুন: বেঙ্গল টি২০ লিগে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সকে চূর্ণ করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। আজ ইডেনে তারা জিতল ৭৩ রানে। ৪ ম্যাচে শিলিগুড়ির পয়েন্ট ৬।

এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিল হাওড়া। শিলিগুড়ি তোলে ২ উইকেটে ২৩১, যা টুর্নামেন্টের ইতিহাসে দলগত সর্বাধিক স্কোর। করণ লাল করেন ৬৪ বলে ১৪৫। সাতটি চার ও ১৪টি ছয়ের সাহায্যে। করণের ১৪টি-সহ শিলিগুড়ির ইনিংসে রয়েছে ১৬টি ছয়, যা টুর্নামেন্টের ইতিহাসে কোনও ইনিংসে সর্বাধিক‌। করণ এদিন ঋত্বিক চট্টোপাধ্যায়ের ওভারে সর্বাধিক ৩২ রান নেন। অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় করেন ৫৮। সুজিত কুমার যাদব ও কণিষ্ক শেঠ একটি করে উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে ১৯.২ ওভারে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স ১৫৮ রানে গুটিয়ে যায়। শাকির হাবিব গান্ধী করেন ৪০। অখিলেশ যাদব তিনটি এবং করণ লাল ও শিবম ভারতী নেন ২টি করে উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here