
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৭ এপ্রিল: সামনেই বিধানসভা নির্বাচন। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার পর্ব কার্যত শেষ। এই আবহে ভোটের পরের দিন অর্থাৎ আগামী ৩০ এপ্রিল থেকে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ব্রিজের আসর বসতে চলেছে। সর্বভারতীয় কর্পোরেট ব্রিজ সংস্থা আয়োজিত এই টুর্নামেন্টে প্রায় ৩৫০’র বেশি খেলোয়াড় ইতিমধ্যেই নিজেদের নাম নথিভুক্ত করেছেন। আগামী ৩ মে পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
সোমবার কলকাতা ক্রীড়া সংবাদিক ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা করেন সর্বভারতীয় ব্রিজ সংস্থার সচিব দেবাশিস রায়। টুর্নামেন্টের নবম সংস্করণে বিদেশি খেলোয়াড়রা অনেকেই আসছেন না। এই বিষয়টি নিয়ে সচিব দেবাশিস রায় বলেন, “রাজ্যে ভোটের কারণে বাইরের রাজ্য থেকে অনেকেই আসতে পারছেন না। অন্যদিকে বাইরের দেশ থেকে যাঁরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জন্য তাদের পর্যাপ্ত বিমান পরিষেবা না থাকার কারণে কলকাতায় আসতে পারছেন না।” রাজ্য ব্রিজ অ্যাসোসিয়েশন সচিব অর্ণব গুহ বলেন, “উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়। বিদেশিরা না এলেও দেশের প্রচুর বড় খেলোয়াড়রা রয়েছেন। তাই আশা করি টুর্নামেন্টের আসন্ন সংস্করণ আরও জমজমাট ভাবে আয়োজিত হবে।”



