T20 World Cup: বিশ্বকাপে অনিশ্চিত ইতালি অধিনায়ক, জয়ে ফিরল স্কটল্যান্ড

কৌশিক চক্রবর্তী
৯ ফেব্রুয়ারি, কলকাতা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে জয়ের সরণিতে ফিরল স্কটল্যান্ড। ইতালি’কে পরাজিত করল ৭৩ রানে। ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে এ বারই প্রথম আত্মপ্রকাশ ঘটেছে ইতালির। ইতালি ক্রিকেটের জন্য এই ম্যাচ ঐতিহাসিক কোনও মুহূর্তের থেকে কম নয়। এই দুই দেশের দ্বৈরথ সাধারণত ফুটবল মাঠে দেখতে অভ্যস্ত ক্রীড়াপ্রেমীরা, তবে বাইশ গজের এই লড়াই মাঠে উপস্থিত প্রায় সাত হাজার মানুষের খারাপ লাগার কথা নয়। বড় মঞ্চে খেলার অনভিজ্ঞতার কারণে শেষের দিকে ম্যাচের উপর থেকে নিয়ন্ত্রণ হারায় ইতালি।

মঙ্গলবার টসে জিতে স্কটল্যান্ডকে ব্যাটিং করতে পাঠান ইতালি অধিনায়ক ওয়েন ম্যাডসেন। ইডেনের পাটা উইকেটে প্রথমে ব্যাটিং করে ২০৭/৪ রান তোলে স্কটল্যান্ড। প্রথম উইকেটে পার্টনারশিপ ছিল ১২৬ রানের‌। ওপেনিং-এ নেমে ৫৪ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জর্জ মুন্সে। অপর ওপেনার মিচেল জোন্সের ব্যাট থেকে আসে ৩৭ রান।

অনভিজ্ঞ ইতালির বোলিং অ্যাটাককে অত্যন্ত অসহায় লাগছিল এই জুটির সামনে। মুন্সে ১৪ নম্বর ওভারে প্যাভিলিয়নে ফিরলেও স্কটল্যান্ডের রানের গতিতে কোনও প্রভাব পড়েনি। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ব্রেন্ডন ম্যাকমুলেন খেলেন ১৮ বলে ঝোড়ো অপরাজিত ৪১ রানের ইনিংস। ডেথ ওভারে মিচেল লিয়াস্কের ৫ বলে ২২ রানের ক্যামিও স্কটিশদের ২০০ রানে গণ্ডি অতিক্রম করতে সাহায্য করে।

বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে দশ রানের গড়ে ১১ ওভার পর্যন্ত খেলে গেলেও নিয়মিত উইকেটের পতন ম্যাচ থেকে ছিটকে দেয় ইতালি’কে। দুই ভাই হ্যারি মানেনতি এবং বেন মানেনতি ইতালির হয়ে ব্যাট হাতে উল্লেখযোগ্য রান করেন। বেনের ব্যাট থেকে আসে ৫২ রানের ইনিংস এবং হ্যারি করেন ৩৭ রান। ম্যাচের সেরা স্কটল্যান্ডের মিচেল লিয়াস্ক ৪টি উইকেট নিয়েছেন।

এই ম্যাচে হারের থেকেও ইতালি শিবির বিপাকে পড়েছে অধিনায়ক ওয়েন ম্যাডসেন চোটের কবলে পড়ায়। ফিল্ডিংয়ের সময়ে ড্রাইভ করে বল আটকাতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন ম্যাডসেন। তাঁর চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি, তবে ইতালি শিবির সূত্রে খবর বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে তাঁকে ছাড়াই হয়তো মাঠে নামতে হবে ইউরোপের দেশটিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here