
নিজস্ব সংবাদদাতা, ২৫ মার্চ, কলকাতা: বিশ্বকাপের রেশ কাটিয়ে আইপিএল ঘিরে ক্রিকেট উত্তাপে ফুটছে দেশ। যে টুর্নামেন্ট শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটের মানচিত্রটাই বদলে দিয়েছে। আইপিএলের ১৯তম সংস্করণের প্রাক্কালে কলকাতায় বসে এমনটাই দাবি করলেন টম মুডি।
মঙ্গলবার সিআইআই–এর (কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি) এক আলোচনা সভায় যোগ দিতে ঝটিকা সফরে শহরে এসেছিলেন লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি গ্রুপের গ্লোবাল ক্রিকেট ডিরেক্টর মুডি। সেখানে রীতিমতো তথ্য, পরিসংখ্যান তুলে ধরে মুডি বলেন, ‘আইপিএল বিশ্ব ক্রিকেটকে কার্যত নিয়ন্ত্রণ করছে। পেশাদারিত্ব, উত্তেজনা, প্রতিভা তুলে আনা— সবকিছুর নিরিখে। আগামীর সুপারস্টার এই আইপিএলের মঞ্চ থেকেই উঠে আসে। শুধু ভারতের নয়। ক্রিকেটবিশ্বের প্রথম সারির সমস্ত দেশের ক্ষেত্রেই একথা প্রযোজ্য।’ সেই সঙ্গে যোগ করেন, ‘একটা সময় ছিল যখন ক্রিকেটবিশ্ব আমাদের অস্ট্রেলিয়া দলের দিকে তাকিয়ে থাকত। স্টিভ ওয়া, রিকি পন্টিং, ম্যাথু হেডেন— কত নাম! সবাই তখন আমাদের মতো চ্যাম্পিয়ন হতে চাইত। বর্তমানে ভারতীয় দল সেই জায়গাটা নিয়ে নিয়েছে। বিশ্ব ক্রিকেটে ভারত অপ্রতিরোধ্য। নতুন বেঞ্চমার্ক স্থির করে দিয়েছে। এখন আমরা ভারতের মানে পৌঁছনোর চেষ্টা করছি, তবে এখনো সেখানে পৌঁছতে অনেকটাই ফারাক রয়েছে। ভারতীয় ক্রিকেট এগিয়ে যাওয়ার নেপথ্যে আইপিএলের অবদান বিরাট।’
কোটিপতি ক্রিকেট লিগের জনপ্রিয়তা ক্রমশ উর্ধ্বমুখী। বছর দশেক আগেও একটি ম্যাচ সম্প্রচারের জন্য ভারতীয় বোর্ড ১৩ কোটি টাকা পেত। বর্তমানে সেই অঙ্কটা একশো কোটি ছাড়িয়ে গিয়েছে। মুডির কথায়, ‘ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল, এনবিএল–এর (বাস্কেটবল) আইপিএলও ক্রমশ গ্লোবাল স্পোর্টস হয়ে উঠছে। টি২০ ক্রিকেটের যুগে আইপিএলের ব্র্যান্ডভ্যালু আরও বাড়লে আমি অন্তত অবাক হব না।’



