সঞ্জু’র আগুনে ব্যাটিংয়ের সামনে পুড়ে ছাই ওয়েস্ট ইন্ডিজ, সেমিতে ভারত

নিজস্ব সংবাদদাতা, ইডেন গার্ডেন্স, ১ মার্চ: দুর্ধর্ষ ছন্দে থাকা ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। প্রায় ষাট হাজারি ইডেন গার্ডেন্স রবিবার সাক্ষী থাকল দৃষ্টি নন্দন এক ম্যাচের, যেই ম্যাচের জন্য অতিরিক্ত খরচ করেও মাঠে আসা যায়। মরণ-বাঁচন ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

প্রথম উইকেটে ৬৮ রানের পার্টনারশিপ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিংয়ের পরিবর্তে আকিল হোসেন দলে ফেরায় সাই হোপের সঙ্গে ওপেন করেন রোস্টন চেজ। নতুন জুটি হলেও এক বার ছাড়া কোনও অসুবিধা হয়নি বোঝাপড়ায়। অধিনায়ক হোপ করেন ৩২ রান এবং চেজের ব্যাট থেকে আসে ৪০ রান। পাওয়ার প্লে ‘তে খুব বেশি রান না তুলতে পারা কিংবা উইকেটের পতন ওয়েস্ট ইন্ডিজের রানের গতিতে ব্যাঘাত আসতে দেয়নি। শিমরন হেটমায়ারের ১২ বলে ২৭ রানের মুখ খুলে দেয়। শেরফান রাদারফোর্ড (১৪) রান না‌ পেলেও স্কোর কার্ডে ঝড় তোলার কাজ দক্ষতার সঙ্গে চালিয়ে যান রোভম্যান পাওয়েল এবং জেসন হোল্ডার। পাওয়েলের ১৯ বলে ৩৪ এবং হোল্ডারের ২২ বলে ৩৭ রানের সৌজন্যে স্কোর বোর্ডে ১৯৫/৪ তোলে ওয়েস্ট ইন্ডিজ।

ভারতীয় বোলারদের মধ্যে জাসপ্রীত বুমরাহ ছাড়া কোনও বোলারই বিশেষ ছাপ ফেলতে পারেননি। বুমরাহের নিখুঁত বোলিংয়ের সৌজন্যেই প্রায় রান কম তোলে ওয়েস্ট ইন্ডিজ। একই ওভারে হেটমায়ার এবং রাদারফোর্ড’কে ফিরিয়ে ম্যাচে ভারতকে ফিরিয়ে এনেছিলেন তিনি। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শেষ ওভারেও দক্ষতার সঙ্গে বোলিং ব্লকে।

ইডেনের ব্যাটিং সহায়ক পিচে ১৯৬ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। অভিষেক শর্মা এই ম্যাচেও রান পাননি। রান পাননি ঈশান কিষাণ-ও। দু’জনই ব্যক্তিগত ১০ রানে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক সূর্যকুমার যাদব (১৮) ভাল ছন্দে থাকলেও ইনিংস’কে বড় রানের রূপ দিতে পারেননি প্রয়োজনের সময়ে। বলা ভাল রাদারফোর্ডের সামনের দিকে শরীর ছুঁড়ে নেওয়া বিশ্বমানের ক্যাচ ছন্দে থাকা সূর্যকে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য করে।

পারিবারিক কারণে রিঙ্কু সিং-এর পরিবর্তে হঠাৎ করে সুযোগ চলে আসা সঞ্জু স্যামসন প্রথম দুই ম্যাচে বিশেষ দাগ কাটতে না পারলেও ভারতের মাস্ট উইন ম্যাচে একাই কুম্ভ হয়ে ওঠেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। কার্যত একার কাঁধেই ভারতকে বৈতরণী পার করান। ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে স্বপ্নের শতরান না পেলেও ৫০ বলে ৯৭ রানে যে ইনিংস সঞ্জু খেললেন তা তিনি নিজেও সারা জীবন মনে রাখবেন। কার্যত একার কাঁধে দলকে ফিনিশিং লাইন পার করালেন এই কেরালাইট। সঞ্জু’কে যোগ্য সাপোর্ট দিয়েছেন তিলক বর্মা (২৭)। ভারতের এই স্বপ্নের জয়ের ম্যাচে রান পাননি হার্দিক পান্ডিয়া। দায়িত্বজ্ঞানহীন শট খেলে প্যাভিলিয়নে ফেরা হার্দিক পান্ডিয়া করেন ১৭ রানে। যদিও ভারতের জয়ের ক্ষেত্রে এই আউটের বিশেষ কোনও প্রভাব ছিল না। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ৫ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল খেলবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here