ভেস পেজের স্মরণে প্রদর্শনী ক্রিকেট ম্যাচে শহরে কপিল দেব-কীর্তি আজাদ-ইউসুফ পাঠান

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২২ মার্চ: ঐতিহ্যশালী কলকাতা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব (সিসিএফসি)-র মাঠে আয়োজিত হল অলিম্পিয়ান তথা প্রয়াত চিকিৎসক ভেস পেজের স্মরণে ক্রিকেট ম্যাচ। রবিবার প্রয়াত ভেস পেজের স্মরণে এই ক্রিকেট ম্যাচের মুখ্য আয়োজক ছিলেন তাঁর পুত্র ভারতীয় টেনিসের কিংবদন্তি লিয়েন্ডার পেজ।

রবিবার ছুটির মেজাজে এই প্রদর্শনী ম্যাচ’কে কেন্দ্র করে জমজমাট ছিল সিসিএফসি। লিয়েন্ডারে আমন্ত্রণে এই প্রদর্শনী ম্যাচে উপস্থিত হয়েছিলেন ১৯৮৩ বিশ্বকাপের নায়ক কপিল দেব। এ ছাড়াও ছিলেন বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য কীর্তি আজাদ। ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ইউসুফ পাঠান-ও‌ উপস্থিত ছিলেন এই ম্যাচ’কে কেন্দ্র করে।

এ ছাড়াও ছিলেন মনোজ তিওয়ারি, কারসন ঘাভরি, অরুন লাল, অশোক মালহোত্রা, প্রণব রায়ের মতো অতীত দিন‌ দিকপাল ক্রিকেটাররা। শুধু বাইশ গজের নক্ষত্ররাই নন, বর্তমান বাংলা সিনেমার অন্যতম মুখ অভিনেতা দেব, ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুব্রত পাল-এর উপস্থিত ছিল উল্লেখ করার মতো। যেই দুই দলের মধ্যে ২০ ওভারের এই ম্যাচ হয় সেই দুই দলের একটি ছিল সিসিএফসি একাদশ এবং অপরটি চিকিৎসকদের নিয়ে তৈরি ডক্টরস একাদশ। সিসিএফসি একাদশ বনাম ডক্টরস একাদশের ম্যাচে চিকিৎসকদের দিক থেকে খেলেন কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, দেব। অপর দিকে, সিসিএফসি একাদশের জার্সিতে ছিলেন মনোজ তিওয়ারি।

ভারতীয় ক্রীড়াক্ষেত্রে ভেস পেজের অবদান‌ অনস্বীকার্য। ১৯৭২ মিউনিখ অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন সিনিয়র পেজ। এর ঠিক আগের বছর ১৯৭১ সালের হকি বিশ্বকাপে ব্রোঞ্জ জিতেছিল ভারত। সেই দলেরও সদস্য ছিলেন সদ্য প্রয়াত প্রখ্যাত এই চিকিৎসক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here