
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৪ মার্চ: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। ২০২১ সালের পর দ্বিতীয় বার টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছল নিউজিল্যান্ড। কলকাতায় প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে পরাজিত করে খেতাব জয়ের এক ধাপ দূরে কিউয়িরা। ২০২১ সালে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল, আহমেদাবাদে নতুন করে স্বপ্ন বাস্তবায়নের সুযোগ মিচেল স্যান্টনারের দলের সামনে।
ক্রিকেটের নন্দনকাননে ম্যাচের শুরু থেকেই পর পর উইকেট হারিয়ে বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালের মতো ম্যাচে নিজেদের উপর চাপ বাড়িয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। চূড়ান্ত ফ্লপ দুই ওপেনার কুইন্টন ডি কক (১০), এইডেন মার্করাম (১৮)। পুরো টুর্নামেন্টে স্বপ্নের ফর্মে থাকা ডেভিড মিলারও রান পাননি এই ম্যাচে (৬)। চার নম্বরে নেমে দেওয়াল্ড ব্রেভিস ৩৪ রান করে ব্যাটিং ধসে লাগাম টানার চেষ্টা করেন। দক্ষিণ আফ্রিকা লড়াই করার মতো যে রান স্কোরবোর্ডে যে ১৬৯/৮ তুলেছে তার নেপথ্যে প্রধান ভূমিকা পালন করে ট্রিস্টান স্টাবস এবং মার্কো জেনসনের জুটি। স্টাবস করেন ২৯ রান এবং অপরাজিত অর্ধ-শতরান করেন মার্কো জেনসন। তাঁর ব্যাট থেকে আসে অপরাজিত ৫৫ রানের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে দু’টি করে উইকেট পান ম্যাট হেনরি, কোল ম্যাকনজি এবং রচিন রবীন্দ্র।
ইডেনের ব্যাটিং সহায়ক পিচে ১৭০ রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে রান তোলে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের দেখে যেই পিচকে ব্যাটসম্যানদের জন্য কঠিন মনে হচ্ছিল সেই পিচেই আগুনে ব্যাটিং করলেন টিম শেফার্ড এবং ফিন অ্যালেন। ১২.৫ ওভারে ৯ উইকেটে নিউজিল্যান্ডের জয়ের নায়ক ফিন অ্যালেন। ৩৩ বলে অপরাজিত শতরান করে ইতিহাস তৈরি করলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এত কম বলে শতরান এর আগে কেউ করেননি। পাশাপাশি ইডেন গার্ডেন্সে চলতি বিশ্বকাপে এটিই প্রথম শতরান। ৫৮ রান করেন অপর ওপেনার টিম শেফার্ড। রচীন রবীন্দ্র অপরাজিত ছিলেন ১৩ রানে। ৮ মার্চ ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে নামবে কিউয়িবাহিনী।
উল্লেখ্য, টিম শেফার্ড, ফিন অ্যালেন এবং রচীন রবীন্দ্র – এই ম্যাচের প্রধান তিন নায়ক আসন্ন আইপিএলে খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন্স। আইপিএলের ম্যাচের আগে এই তিন ক্রিকেটারের ফর্ম যেমন আশ্বস্ত করবে কলকাতাকে তেমনই আত্মবিশ্বাস যোগাবে তিন কিউয়ি তারকাকে।



