
কলকাতা, ১২ সেপ্টেম্বর: সুরের মূর্ছনায় মিরাস- দ্য লেগাসি। মিরাস কথার অর্থ পরম্পরা, মধ্যপ্রাচ্যের এই শব্দবন্ধ-কে যথার্থতা দিয়ে তিলোত্তমা কলকাতার বুকে শিল্পী-ই-যোগের উদ্যোগে আয়োজিত হল স্মরণীয় সঙ্গীত সন্ধ্যা।
ঐতিহ্যবাহী উত্তর কলকাতার মোহিত মৈত্র মঞ্চে সুরের জাদুকারিতায় শনিবাসরীয় সন্ধ্যা স্মরণীয় করে রাখলেন প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন। এ ছাড়াও ছিলেন অলক রায় চৌধুরী। এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন টলিউডের পরিচিত মুখ অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। দক্ষ অভিনেতা’র পাশাপাশি বাচিক শিল্পী হিসেবে নিজের কুশলতায় দর্শকের হৃদয়ে গভীর ছাপ ফেলে যান সুদীপ।
যাঁর হাত ধরে শিল্পী-ই-যোগের পথ চলা শুরু সেই এষনা সেনের শিক্ষার্থীরা এ দিনের অনুষ্ঠানের সূচনায় সঙ্গীত পরিবেশন করেন। পরবর্তী’তে মঞ্চে ওঠেন তাঁরা যাঁরা জীবনের কোনও একটি সময়ে হারমোনিয়াম ধরে ছিলেন, কিন্তু কর্মব্যস্ততা এবং জীবনের স্রোতে ছাড়তে হয়েছিল গান। তাঁরা আজ সমাজের বিভিন্ন স্তরে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং আবারও ফিরেছেন গানের স্রোতে, প্রখ্যাত শিল্পী এষনা সেনে’র কাছে সঙ্গীতের পাঠ নিচ্ছেন আজ তাঁরা।
দ্রুত বদলে যাওয়া এই সমাজে যাঁরা একাকিত্বের শিকার, শিল্পী-ই-যোগের কাজ মূলত তাঁদের নিয়ে। অবসাদ আজ সমাজের বেড়ে চলা এক রোগ। মিউজিক থেরাপি’র মধ্যে দিয়ে নিঃসঙ্গতা ও অবসাদের প্রাচীর ভেঙে হৃদয় এবং মননে স্বতঃস্ফূর্ততা ফিরিয়ে আনাই লক্ষ্যে এষনার।



