
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১১ এপ্রিল: রবিবাসরীয় সন্ধ্যায় আইএসএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। হাইব্রিড ফরম্যাটে হচ্ছে এই বারের লিগ। সেখানে প্রতিটা পয়েন্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মোহনবাগান শুরুটা ভাল করলেও দু’টি ম্যাচে ড্র এবং একটিতে হার লিগ টেবিলে মোহনবাগান’কে নামিয়ে এনেছে চার নম্বরে। লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি’র সঙ্গে এক ম্যাচ কম খেলে পয়েন্টের ব্যবধান ৪। এই পরিস্থিতিতে লিগ শীর্ষে পৌঁছতে হলে জয়ের ধারাবাহিকতা মোহনবাগানের জরুরি।
পঞ্জাব ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়ার সার্ভিস পাবে না মোহনবাগান। যেখানে পঞ্জাবের চার বিদেশি’র তিন জনই মিডফিল্ডার সেখানে আপুইয়ার না থাকা চ্যালেঞ্জের মুখে ফেলবে সবুজ-মেরুন’কে। যদিও সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মোহনবাগান কোচ। লোবেরার কথায়, “কোচ হিসেবে অজুহাত খোঁজা আমার কাজ নয়, আমায় সমাধান বের করতে হবে। আমি এই পরিসংখ্যান নিয়ে সন্তুষ্ট নই, এবং এগুলো উন্নত করা আমার দায়িত্ব। আমাকে এগুলো উন্নত করার জন্য কাজ করতে হবে এবং সেই সঙ্গে শান্ত থাকতে হবে। আমার জন্য সবচেয়ে ভাল বিষয় হলো, আমাদের এমন একটি দল আছে, যাদের এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আপনি যখন মোহনবাগানে থাকেন, তখন প্রতিটি ম্যাচেই চাপ থাকে, কারণ আপনাকে সবসময় জিততে হয়। আর এটা দারুণ—এটা আমাদের জন্য ভাল, কারণ এর মানে আপনি দেশের অন্যতম বড় ক্লাবে কাজ করছেন।”
লোবেরা পরিস্কার করে দিয়েছেন পঞ্জাব ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট ছাড়া তিনি কিছুই ভাবছেন না। তাঁর কথায়, “পঞ্জাবের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবলই আমরা খেলব। আমাদের লক্ষ্য নিজেদের খেলায় আরও উন্নতি করা। বেঙ্গালুরু এবং জামশেদপুর ম্যাচে আমাদের ভাল গোল করার সুযোগ ছিল। আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। আমার একমাত্র লক্ষ্য হলো পরের ম্যাচে তিন পয়েন্ট অর্জন করা।”
পঞ্জাবের বিরুদ্ধে জয় তুলে নেওয়ায় একমাত্র লক্ষ্য হলেও ধাপে ধাপে এগোতে চান লোবেরা। বেশি দূরের না ভেবে প্রতিটি ম্যাচ ধরে ধরে তিনি ঘুঁটি সাজাচ্ছেন। তিনি বলেন, “আমি মনে করি আমাদের ধাপে ধাপে এগোতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা। এই মুহূর্তে আমরা আরেকটি দলের ফলাফলের ওপর কিছুটা নির্ভর করছি। কিন্তু আগামীকালের ম্যাচে আমাদের জিততেই হবে—এটাই আমার হিসাব। আমরা চেষ্টা করব আগামীকাল ভিন্ন কিছু করতে এবং ইতিবাচক ফল আনতে।”



