
বেঙ্গল প্রো টি২০ লিগ এবার শুরু হচ্ছে জুনে। আজ এই টুর্নামেন্টের নবম দল পুরুলিয়া নোভাস রয়্যালসের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হলো। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব বাবলু কোলে, সহ সভাপতি নীতীশ রঞ্জন দত্ত, যুগ্ম সচিব মদনমোহন ঘোষ, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস প্রমুখ। টুর্নামেন্টের ৯টি দলের কর্ণধারদের স্মারক দিয়ে সম্মানিত করা হয়।
সিএবি যেভাবে একসঙ্গে পুরুষ ও মহিলাদের এই টি২০ লিগ চালু করেছে, প্রতিভাদের কাছে এমন মঞ্চের গুরুত্বের কথা উঠে এলো প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী, কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্ক রাহানে, সহ অধিনায়ক রিঙ্কু সিং, বাংলা তথা ভারতীয় দলের পেসার মহম্মদ শামির কথায়।
সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, প্রথম সংস্করণ থেকেই বেঙ্গল প্রো টি২০ লিগ ক্রমাগত সাফল্য ও জনপ্রিয়তা লাভ করেছে। এই লিগ পুরুষ ও মহিলাদের ট্যালেন্ট পুল তৈরির ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা নিচ্ছে। টুর্নামেন্টে দলের সংখ্যা বেড়ে ৯ হওয়ায় এবার এই লিগ আরও জনপ্রিয়তা লাভ করবে বলে আশাবাদী সিএবি সভাপতি। এই লিগের সঙ্গে এবার যুক্ত হলো জেএসডব্লিউ স্পোর্টস।
এদিকে, শামি এদিন বলেন, সুযোগ পেলে যতদিন পারবেন বাংলার হয়ে রঞ্জি খেলবেন। ভারতীয় দলে সুযোগ পাওয়ার খিদে এখনও তাঁর মধ্যে অটুট রয়েছে বলে বোঝান শামি। সৌরভ গঙ্গোপাধ্যায় শামির ইচ্ছাকে সাধুবাদ জানিয়ে বলেন, তিনি বিশ্বাস করেন শামি জাতীয় দলে কামব্যাক করবেন।



