প্রকাশ্যে এল লোগো, ‘দাদাগিরি’ থেকে ‘বিগ বস’-এ সৌরভ

ক্রীড়াপ্রতিনিধি, কলকাতা, ৭ মার্চ: ক্রিকেটের ময়দান থেকে শুরু করে দর্শকভরা প্রেক্ষাগৃহে মঞ্চ সঞ্চালনার দায়িত্ব- সব কিছুতেই স্বতন্ত্র ‘প্রিন্স অফ ক্যালকাটা’। সঞ্চালকের ভূমিকায় সৌরভ ঠিক কতটা দক্ষ তা আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। এতদিন ‘দাদাগিরি’র মঞ্চ সামলেছেন, এবার বাংলায় ‘বিগ বস’ হাউসে সঞ্চালনায় দায়িত্ব পালন করবেন মহারাজ। শুক্রবার ইডেনে প্রকাশ্যে এল ‘বিগ বস’-এর লোগো।

লোগো সামনে আসার পর সৌরভ বলেন, “ভারতের হয়ে খেলার সময় প্রতি ম্যাচে নামার আগে একটু চিন্তা হত। এবারও তেমনই হচ্ছে। তবে আশাকরি সবাই একজোট হয়ে কাজ করলে, দর্শকদের জন্য নতুন উপহার দিতে পারব।”

দর্শকের বহু অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় আসছে জনপ্রিয় রিয়ালিটি শো। আর তাতেই সঞ্চালকের ভূমিকায় থাকবেন সৌরভ। সঞ্চালক হিসেবে তিনি যে অপ্রতিদ্বন্দ্বী তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পরে না। স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে জনপ্রিয় রিয়ালিটি শো। শুক্রবার এই রিয়ালিটি শোয়ের আনুষ্ঠানিক ঘোষণা হল ক্রিকেটের নন্দন কাননে। ইডেনগার্ডেন্সে।

আগামী অগাস্ট মাস থেকে শুরু হবে শুটিং। চলবে ছয় মাস পর্যন্ত। যদিও কবে, কোন স্লটে বাংলা টেলিভিশনে ‘বিগ বস’-এর সম্প্রচার হবে, কারা অংশগ্রহণ করবেন তা ঘিরেই জল্পনা চলছে। কারণ ‘বিগ বস’র মতো শো মানেই ঘটনার ঘনঘটা। প্রায় দশ বছর আগে কালার্সের পর্দায় দেখা গিয়েছিল ‘বিগ বস’। এবার সম্পূর্ণ নতুনভাবে এই শো দেখা যাবে স্টার জলসার পর্দায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here