চাপে পড়ে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ নিয়ে সুর নরম করছে পাকিস্তান

কৌশিক চক্রবর্তী

কলকাতা, ৮ ফেব্রুয়ারি

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে সুর নরম হচ্ছে পাকিস্তানের। বাংলাদেশের সমব্যথী হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

আইসিসি’র টুর্নামেন্টে ভারত-পাক ম্যাচের দিকেই পাখির চোখ থাকে ক্রিকেটপ্রেমীদের। শুধু দুই দেশের সমর্থকই নয়, যে দেশগুলি ক্রিকেট খেলে তাদের বোর্ডেরও চোখ থাকে এই ম্যাচের উপর কারণ যে কোনও আইসিসি টুর্নামেন্টের মূল মুনাফার ম্যাচই হলো এটি। আইসিসি টুর্নামেন্টের অর্থনৈতিক সাফল্য নির্ভর করে এই ম্যাচের উপর। ব্রডকাস্টিং সত্ত্ব, বিঞ্জাপন এবং প্রচারের নিরিখে এই ম্যাচে যা মুনাফা হয় মূলত সেই টাকায় আইসিসির সিংহভাগ কোষাগার পূর্ণ হয় এবং সেই লভ্যাংশের উপর ভর করেই ক্রিকেট বোর্ডগুলিকে অনুদান প্রদান করে আইসিসি। ফলে পাকিস্তানের এই সিদ্ধান্তে বিসিসিআই ব্যতীত অন্যান্য ক্রিকেট বোর্ডগুলির কপালে যেমন চিন্তার ভাঁজ রয়েছে তার থেকেও বেশি উদ্বেগ রয়েছে আইসিসির।

ইতিমধ্যেই পাকিস্তানকে ভারত-পাক ম্যাচ খেলার জন্য চিঠি পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পাকিস্তানের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য পিসিবির সঙ্গে আইসিসির উচ্চ পর্যায়ের আধিকারিকরাও কথাবার্তা চালাচ্ছে। সংবাদ সংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী, আইসিসি ইতিমধ্যেই পিসিবিকে বুঝিয়ে দিয়েছে তারা যদি এই ম্যাচ না খেলে এবং তার ফলে আইসিসির যা অর্থনৈতিক ক্ষতি হবে তার মাশুল কড়ায় গণ্ডায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের থেকে বুঝে নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। পাশাপাশি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে এই ম্যাচ খেলার জন্য পিসিবি কী পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়ে আইসিসি’কে অবগত করার নির্দেশও দেওয়া হয়েছে। আইসিসি’র এক আধিকারিকের কথায়, “কোনও রকম লড়াইয়ে না গিয়ে এই সমস্যা সমাধানের জন্য আইসিসি কাঠামোগত পদ্ধতিতে কাজ করবে, সেখানে আলোচনাও থাকবে।”

আইসিসির পক্ষ থেকে যোগাযোগ করার পর, পিসিবি আরও আলোচনা শুরু করার জন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করে। সম্ভাব্য সমাধানগুলি অনুসন্ধানের জন্য আইসিসি বর্তমানে বোর্ডের সঙ্গে একটি কাঠামোগত পদ্ধতিতে যোগাযোগ করছে। আইসিসি’র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কোনও রকম প্রশ্ন বা ব্যাখ্যা ছাড়াই পিসিবি সব রকম প্রচেষ্টা চালাচ্ছে এই ম্যাচ খেলার জন্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের তিনটি ম্যাচই ছিল উত্তেজনায় ভরপুর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে হারের মুখ থেকে পাকিস্তানের জয় ছিনিয়ে নেওয়া কিংবা ইডেন গার্ডেন্সে রোমারিও শেফার্ডের হ্যাটট্রিক বা শেষ ম্যাচে আমেরিকার বিরুদ্ধে ব্যাটিং ধসের পরেও ভারতের জয় তুলে নেওয়া, পরতে পরতে ছিল রোমাঞ্চে ভরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here