চারবারের ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালির অভিষেক হতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ ফেব্রুয়ারি

ইতিহাস তৈরি হতে চলেছে ইডেন গার্ডেন্সে। বিশ্ব ফুটবল’কে একটা সময় শাসন করা ইতালি প্রথমবারের জন্য আত্মপ্রকাশ করতে চলেছে ক্রিকেটের বিশ্বকাপে।

সোমবার ক্রিকেটের নন্দনকাননে চার বারের বিশ্বকাপ জয়ী ইতালির প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্ব ক্রিকেটের মেগা ইভেন্টে অভিষেক করতে চলা দলের অধিনায়ক ওয়েন ম্যাডসেন ম্যাচের আগের দিন জানালেন, আমাদের কাছে এই টুর্নামেন্ট অভিজ্ঞতা সঞ্চয়ের মঞ্চ। বিগত বেশ কিছুদিন আমরা ভারতের রয়েছি, ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা হয়নি। পুরো দল মুখিয়ে রয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে ভাল কিছু করে দেখাতে।

একই সঙ্গে ক্রিকেট বিশ্বে ভারত নিজেকে যে জায়গায় নিয়ে গিয়েছে তাতে এই দেশে খেলতে আসতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছে গ্লি আজুররি। ওয়েনের কথায়, বিশ্ব ক্রিকেটে ভারত সুপার পাওয়ার, ভারতের আশেপাশে কেউ নেই। এই দেশে ক্রিকেটের পরিকাঠামো এবং সুযোগ-সুবিধা তাক লাগিয়ে দেওয়ার মতো। আমরা সৌভাগ্যবান নিজেদের মনে করি এবং অভিভূত ভারতে খেলতে আসতে পেরে।

প্রথমবার এত বড় মঞ্চে খেলতে চললেও দ্য ব্লুজ আত্মবিশ্বাসী ভাল ক্রিকেট উপহার দেওয়ার বিষয়ে। ইউরোপীয় দলটির অধিনায়ক জানান, এটা ঠিক যে এত বড় পর্যায় আমরা অতীতে কখনো খেলিনি। এই স্তরে মানিয়ে নিতে একটু তো সময় লাগবেই। কিন্তু আমরা চেষ্টা করব নিজেদের সাধ্যমত সেরাটা দিয়ে আকর্ষণীয় ম্যাচ উপহার দেওয়ার।

ইতালির ক্রিকেট দল প্রথম বারের জন্য ইডেনে খেলতে চললেও ইতালির ফুটবল দল ১৯৮২ সালে নেহরু কাপে এই মাঠে খেলে গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here