
ক্রীড়াপ্রতিনিধি, কলকাতা, ১ ফেব্রুয়ারি: খেলোয়াড় হিসাবে তাঁর দাপট গোটা দেশ দেখেছে। এবার কোচ হিসেবেও সেই দাপুটে মেজাজে ধরা দিলেন জোসে রামিরেজ ব্যারেটো। পেশাদার কোচ হিসেবে প্রথমবার কোচিং করিয়ে প্রথম বিএসএল ট্রফি জিতে ইতিহাস রচলেন ময়দানের ‘সবুজতোতা’। রবিবার রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)। কল্যাণী স্টেডিয়ামে বিএসএল-এর ফাইনালে হাওড়া হুগলি ওয়ারিয়র্স মুখোমুখি হয় জেএইচআর রয়্যাল সিটি’র। এ দিন দুই দলের হাড্ডাহাড্ডি টক্করের শেষে ৩-২ গোলে বাজিমাত করে ব্যারেটোর দল।
ম্যাচের ৩৩ মিনিটে হাওড়া হুগলির হয়ে প্রথম গোল করলেন সেইলা। যদিও এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগেই ম্য়াচে ফিরে আসে রয়্যাল সিটি। গোল করেন কিসকু। ৫৮ মিনিটে হাওড়া-হুগলিকে এগিয়ে দেন দীপ গায়েন। কিন্তু তারপরই বড়সড় ধাক্কা খায় ব্যারেটোর দল। রয়্যাল সিটির গোলকিপার সৌরভ সামন্তর সঙ্গে সংঘর্ষে মারাত্মক চোট পেয়ে মাঠ ছাড়েন দীপ। ৯২ মিনিটে রয়্যাল সিটিকে সমতায় ফেরান সুমিত। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৮ মিনিটে হাওড়া-হুগলির হয়ে জয়সূচক গোলটি করেন কৌস্তভ। এই সুবাদে ৩-২ গোলে জয় তুলে নেয় হাওড়া-হুগলি। পেশাদার ফুটবল থেকে বেশ কয়েকবছর আগেই অবসর গ্রহণ করেছেন ব্যারেটো। এবার কোচ হিসেবে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন ‘সবুজতোতা’।



